২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন শুরু

২০ এপ্রিল ২০২৬

জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এবং সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন করতে দেশজুড়ে ‘ফুয়েল পাস’ সিস্টেমের পরিধি আরও বাড়িয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন করে আরও ১৯টি জেলায় এই নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন যে ১৯ জেলায় নিবন্ধন শুরু হয়েছে: আজ থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

পর্যায়ক্রমে সারা দেশে চালুর পরিকল্পনা: মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ বেশ কিছু জেলা ও মেট্রোপলিটন এলাকায় মোটরসাইকেল নিবন্ধনের কাজ শুরু হয়েছিল।

ফুয়েল পাস কী এবং কেন? জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে গত ৯ এপ্রিল কিউআর কোড ভিত্তিক এই ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ঢাকার ৭টি পাম্পে পাইলটিং শুরু হলেও বর্তমানে এর আওতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।

সফলভাবে পাইলটিং শেষ হওয়ার পর খুব শীঘ্রই দেশের সব ধরনের যানবাহনের জন্য এই ডিজিটাল ফুয়েল পাস অ্যাপটি বাধ্যতামূলক ও উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ