১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদযাত্রায় অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সময়সূচি

৬ মে ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

অগ্রিম টিকিট বিক্রির সূচি: আগামী ২৩ মে’র টিকিট পাওয়া যাবে ১৩ মে। একইভাবে ১৪ মে দেওয়া হবে ২৪ মে’র টিকিট। ১৫ মে মিলবে ২৫ মে’র এবং ১৬ মে পাওয়া যাবে ২৬ মে যাত্রার টিকিট। এছাড়া ১৭ মে তারিখে পাওয়া যাবে ২৭ মে যাত্রার টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

ফিরতি টিকিট বিক্রির সূচি: ঈদুল আজহা শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। সেদিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে মিলবে ১ জুনের, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ফিরতি টিকিট।

বিশেষ ট্রেন ও ক্যাটল সার্ভিস: ঈদ উপলক্ষে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ ও চট্টগ্রাম-চাঁদপুর রুটে বিশেষ ট্রেনগুলো ২৫ মে থেকে চলাচল শুরু করবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

সর্বশেষ