১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বেতন বৃদ্ধির দাবিতে মেক্সিকোতে শিক্ষকদের আন্দোলন, ঝুঁকিতে বিশ্বকাপ

১৬ মে ২০২৬

বেতন বাড়ানোর দাবিতে মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকেরা রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছেন। দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের শুরুতেই দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। মেক্সিকোর শিক্ষক দিবস উপলক্ষে দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’-এর প্রায় ৩ হাজার সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার শিক্ষার চেয়ে বিশ্বকাপ ফুটবলের মিলিয়ন ডলারের ব্যবসাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। জানা গেছে, সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯ শতাংশ বেতন বাড়াতে সম্মত হলেও ইউনিয়নের একটি বড় বিদ্রোহী অংশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শতভাগ বেতন বাড়ানোর দাবি তুলেছে। মেক্সিকোতে বর্তমানে একজন সরকারি স্কুলশিক্ষকের মাসিক গড় বেতন প্রায় ৯৬৭ ডলার। দাবি আদায় না হলে বিশ্বকাপ চলাকালীন তীব্র আন্দোলনের ব্যাপারে ইউনিয়ন সদস্যরা একমত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে দেশটিতে প্রায় ৫০ লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অতীতেও বিভিন্ন দাবিতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়কসহ রাজধানীর প্রধান প্রধান সড়ক অবরোধ করার ইতিহাস থাকায় শিক্ষকদের এই গণ-আন্দোলনের হুমকি মেক্সিকো সরকারের কপালে চিন্তার বড় ভাঁজ ফেলেছে।

সর্বশেষ