১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাইনালে আর্জেন্টিনাকে পেলে এবার কী করবেন এমবাপ্পে?

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেও ট্রফি ছোঁয়া হয়নি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের। চলমান ২০২৬ বিশ্বকাপেও নকআউট পর্বের ভাগ্য সহায় থাকলে ফাইনালে আবারও দেখা হতে পারে এই দুই পরাশক্তির। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে— এবার ফাইনালে আর্জেন্টিনাকে সামনে পেলে কী করবেন এমবাপ্পে? মনে কি থাকবে কোনো ‘প্রতিশোধের আগুন’?

বিষয়টি নিয়ে সম্প্রতি ফরাসি টিভি নেটওয়ার্ক ‘এম৬’–কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন খোদ কিলিয়ান এমবাপ্পে। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে তিনি কোনো প্রতিশোধের গল্প হিসেবে দেখছেন না।

‘অতীত বদলানো সম্ভব নয়’

আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধের চাপ প্রসঙ্গে এমবাপ্পে বলেন:

“না, এটি প্রতিশোধের ব্যাপার নয়। আমরা বিশ্বকাপ জিতলেও টানা তিনবারের চ্যাম্পিয়ন হবো না। অতীত বদলানো সম্ভব নয়। তারা (আর্জেন্টিনা) আমাদের হারিয়েছে, এবং সেটা তাদের প্রাপ্যই ছিল।”

এবারের বিশ্বকাপে দুই দল ভিন্ন গ্রুপে থাকায় প্রথম রাউন্ডে মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই টুর্নামেন্টের হট ফেবারিট হওয়ায় ফাইনালের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে এমবাপ্পে বলেন, “আবার মুখোমুখি হলে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাদের নিয়ে আমাদের কোনো বাড়তি ভাবনা নেই।”

গোল না পেলেও চান বিশ্বকাপ ট্রফি

গত বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতলেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এমবাপ্পেকে। এবার যদি নিজে কোনো গোল না-ও পান, তবুও ফ্রান্সের শিরোপা জয়ই তার একমাত্র লক্ষ্য।

এই প্রসঙ্গে ফরাসি ফরোয়ার্ডের সোজা জবাব:

“এক মুহূর্তও ভাবব না। আমি গোল না করলেও যদি দল বিশ্বকাপ জেতে, তাহলে ট্রফি নিয়ে উদ্যাপনের মিছিলে আমি সবার সামনে থাকব।”

ফ্রান্সের বিশ্বকাপ মিশন

যুক্তরাষ্ট্রের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের বেস ক্যাম্পে বর্তমানে জোর কদমে অনুশীলন চালাচ্ছে ফরাসি বাহিনী। ‘আই’ গ্রুপে থাকা ফ্রান্স আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ দল হলো নরওয়ে ও ইরাক।

সর্বশেষ