দক্ষিণ ভারতীয় সিনেমার তুমুল জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার জীবনের এক নতুন ও বড় সিদ্ধান্ত নিলেন এই নবদম্পতি। তবে কোনো সিনেমার ঘোষণা নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে এক অনন্য উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন তারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি।
বাবার জন্মভিটায় বিজয়-রাশমিকা
সম্প্রতি রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়। মূলত এই প্রত্যন্ত গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার প্রতিদান দিতেই এই গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ইতিমধ্যে বিজয় দেবেরাকোন্ডা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত ১৮০ জন শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করেছেন।
পোস্টে এক আবেগঘন ক্যাপশনে বিজয় লেখেন:
‘আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।’
‘আমি আপনাদের জীবনের অংশ হতে চাই’
গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, ‘আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন।’
নতুন পরিচয়ে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, ‘আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।’
পর্দায় ফিরছে এই হিট জুটি
বাস্তব জীবনের পাশাপাশি খুব শিগগিরিই এই জুটিকে আবারও রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।



