বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

২৭ জুন ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে নাগরিকদের জন্য এটি নবায়ন করা বাধ্যতামূলক করা হতে পারে।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিষয়টি উল্লেখ থাকলেও এতদিন তা বাধ্যতামূলক ছিল না। তবে বর্তমান বাস্তবতায় সঠিক পরিচিতি নিশ্চিত করতে বিষয়টি এখন বাধ্যতামূলক করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেন এই সিদ্ধান্ত?

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে মানুষের চেহারায় নানাবিধ পরিবর্তন আসে। অনেকে চিকিৎসা বা সার্জারির মাধ্যমেও নিজের চেহারায় বদল আনেন। এ ছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আঙুলের ছাপেরও পরিবর্তন আসে এবং এর গুণগত মান কমে যায়। ব্যক্তির সঠিক পরিচিতি নিশ্চিত করার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্যের এমন পরিবর্তনের কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়। মূলত এই জটিলতা এড়াতেই এখন এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা চলছে।

কী বলছে বিদ্যমান আইন ও বিধিমালা?

  • জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ (ধারা ৭/১): এই আইন অনুযায়ী, একজন নাগরিককে দেওয়া জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে প্রদানের তারিখ থেকে ১৫ বছর। আইনের ২ ধারায় বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বা পরে নবায়নের জন্য নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের কাছে আবেদন করতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র বিধিমালা (বিধি ৫): এনআইডি নবায়নের জন্য নাগরিক বা তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

নবায়নের সময়সীমা ও ফি

সরাসরি বা অনলাইনে আবেদনের ক্ষেত্রে ‘জরুরি’ বা ‘সাধারণ’ ক্যাটাগরি বেছে নেওয়া যাবে। জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে দাখিল করতে হবে।

  • সাধারণ আবেদন: ফি ১০০ টাকা (নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন)
  • জরুরি আবেদন: ফি ১৫০ টাকা (নিষ্পত্তির সময়সীমা ৭ দিন)

কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে ফি

সাধারণত মানুষ এনআইডি নষ্ট বা পুরোনো হয়ে গেলে নিজ থেকেই নতুন এনআইডির জন্য আবেদন করেন। তবে এ ক্ষেত্রে ফি কিছুটা বেশি:

  • প্রথমবার হারালে: সাধারণ ২০০ টাকা, জরুরি ৩০০ টাকা।
  • দ্বিতীয়বার হারালে: সাধারণ ৩০০ টাকা, জরুরি ৫০০ টাকা।
  • পরবর্তী যেকোনো বার: সাধারণ ৫০০ টাকা, জরুরি ১,০০০ টাকা।

ইসি কর্মকর্তাদের বক্তব্য

এনআইডির মেয়াদ ১৫ বছর হলে নবায়ন করার বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখন নবায়ন করতে পারেন। হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আবেদন করে নতুন এনআইডি নিচ্ছেন।”

তবে পুরো প্রক্রিয়ার বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ