মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজের চলাচল স্বাভাবিক থাকা এবং সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কমে যাওয়ার কারণেই তেলের বাজার কিছুটা নিম্নমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার (১.৪২ শতাংশ) কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট (০.৬৬ শতাংশ) কমে ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়।
স্বস্তির মূল কারণ বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান তেল পরিবহন রুটে বড় ধরনের কোনো বিঘ্ন না ঘটায় সরবরাহ সংকটের যে আশঙ্কা করা হয়েছিল, তা কিছুটা কেটে গেছে। ফলে আন্তর্জাতিক তেলের বাজারে বিনিয়োগকারীদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে।
ধারাবাহিক দরপতন ও ওঠানামা এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম ৬.৫৬ শতাংশ বেড়ে গত পাঁচ মাসের মধ্যে রেকর্ড দরবৃদ্ধি দেখেছিল। তবে তারও আগের দিন যুদ্ধবিরতির খবরে তেলের দাম এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ কমেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে তেলের দাম কোন দিকে যাবে তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির গতিপ্রকৃতি এবং সরবরাহ লাইনগুলো কতটা স্বাভাবিক থাকে তার ওপর।



