সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

৩ আগস্ট ২০২৬

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অননুমোদিত যেকোনো হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২১ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) এক জরুরি বার্তায় এই নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিআরটিএর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত নির্দিষ্ট যানবাহন বাদে অন্য কোনো গাড়িতে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ উৎপাদনকারী হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ জানায়, এসব অননুমোদিত হর্নের কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া তীব্র শব্দ চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

বর্তমানে বিভিন্ন গাড়িতে হাইড্রোলিক হর্ন ও হুটারের যত্রতত্র ব্যবহার জনজীবনকে অতিষ্ঠ করে তোলায় এই কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি। দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ রক্ষায় জরুরি সেবার নির্ধারিত যানবাহন ব্যতিরেকে অন্য সব মোটরযানে এ ধরনের বিকট শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সর্বশেষ