বিজয়ের মাস ডিসেম্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। এই মাসেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে আত্মপরিচয় লাভ করেছিল বাঙালিরা। আর কদিন পরই ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।
বিজয়ের এই মাসে জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না কোনো ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না; কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।
তিনি আরও লেখেন, যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতিতে পরিণত করেছিলেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।



