১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসির শোকজ

১৯ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শোকজ প্রাপ্তরা হলেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, উভয় প্রার্থীর নির্বাচনি এলাকায় নির্ধারিত সময়ের আগেই বিশাল আকৃতির রঙিন ছবি এবং ‘গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান সম্বলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যা আচরণ বিধিমালার পরিপন্থী। বিদ্যমান বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩ সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা শুরু করা যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই প্রচারণা শুরু করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিশন আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিতর্কিত বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে ওই দিন সকাল ১১টার মধ্যে দুই প্রার্থীকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

সর্বশেষ