২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতীক পেয়ে শুরু নির্বাচনী প্রচার, কোথাও উৎসব কোথাও সংঘর্ষ

২২ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগেই মাঠে নেমেছেন প্রার্থীরা; প্রতীক বরাদ্দকে ঘিরে কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি। বুধবার রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা থাকলেও প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া কামনা করেন। অনেকেই দ্রুত নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে যান।

প্রতীক বরাদ্দকে ঘিরে বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ দেখা গেলেও কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতেই সেখানে পৌঁছান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ আসন ঢাকা-১৫-এ জনসভা ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সকালে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের মাজার এবং শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের প্রচার শুরু করবে।

৫১ দল নির্বাচনে, স্বতন্ত্র প্রার্থী ২৪৯ আসনে

নির্বাচন কমিশনের তথ্যমতে, নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে এবার ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। ২৯৮টি আসনের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন ২৮৮ আসনে, জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী ২২৪ আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী ২৫৩ আসনে, এনসিপির শাপলাকলির প্রার্থী ৩২ আসনে এবং জাতীয় পার্টির লাঙলের প্রার্থী ১৯২ আসনে।

এ ছাড়া সিপিবির কাস্তে প্রতীকে ৬৫, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে ৯০সহ আরও বহু দলের প্রার্থীরা বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোট ২৪৯ আসনে।

পাবনা-১ ও পাবনা-২ আসনে মোট নয়জন বৈধ প্রার্থী থাকলেও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপির ৫৯ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বুধবার একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে একই অভিযোগে আরও ১১ জনকে বহিষ্কার করা হয়েছিল।

প্রতীক পাওয়ার আনন্দ, সংঘর্ষের উত্তাপ

প্রতীক বরাদ্দের দিন সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতীক পাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন অনেক প্রার্থী। কার্যালয়ের বাইরে কর্মী-সমর্থকরা হাততালি ও স্লোগানে স্বাগত জানান প্রার্থীদের।

তবে সব জায়গায় পরিস্থিতি শান্ত ছিল না। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও ওঠে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চট্টগ্রাম ও সিলেটে জমে উঠছে প্রচার

চট্টগ্রামের ১৬টি আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগের প্রস্তুতি নেন। চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ সকালে গণসংযোগ শুরু করবেন।

সিলেটের ছয়টি আসনে এবার ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীক পেয়ে সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, দলীয় প্রতীক হাতে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।

সর্বাধিক প্রার্থী ঢাকা-১২, সর্বনিম্ন পিরোজপুর-১

নির্বাচনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে। আর সর্বনিম্ন দুজন প্রার্থী পিরোজপুর-১ আসনে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে।

আলোচনায় ১৬ নারী প্রার্থী

এবারের নির্বাচনে ১৬ জন নারী প্রার্থী আলোচনায় রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি থেকে সবচেয়ে বেশি ৯ জন নারী প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের নারী প্রার্থীরাও গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে শক্ত অবস্থান তৈরি করেছেন।

সর্বশেষ