আমানতকারীদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশ ব্যাংক; ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যাংক রেটে মুনাফা দেওয়ার নির্দেশ
এমানতকারীদের প্রতিবাদের মুখে দুই বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যাংক রেটে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পাঁচ ব্যাংকের নির্দিষ্ট মেয়াদি আমানতের ওপর ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এ সিদ্ধান্তে ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ তৈরি হলে তা পুনর্বিবেচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক কোম্পানির গঠন ও সম্প্রসারণসংক্রান্ত রেগুলেটরি প্রক্রিয়ার অংশ হিসেবে আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আমানতকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশোধন করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) আমানতের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ২০২৫ সালের শেষ কর্মদিবসের ভিত্তিতে আমানত স্থিতি পুনরায় হিসাব করতে হবে। সংশোধিত হিসাবের বিস্তারিত বিবরণী তিন কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, কোনো আমানতকারী যদি নির্ধারিত হারের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে পেয়ে থাকেন, তাহলে অতিরিক্ত অংশ ভবিষ্যতের মুনাফার সঙ্গে সমন্বয় করা হবে। আর যেসব আমানতের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়, সেগুলোর বিষয়ে আগের নির্দেশনাই বহাল থাকবে।



