আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুবা টাইগাররা। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার সিক্স পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আগামী ৩১ জানুয়ারি স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যা হবে এই পর্বে তাদের শেষ লড়াই।
গ্রুপ পর্বের পয়েন্ট যুক্ত হওয়ায় সুপার সিক্সে শুরু থেকেই চাপে থাকতে হচ্ছে আজিজুল হাকিমের দলকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের কাছে হারের পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা। গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ।
তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে তারাও সুপার সিক্সে জায়গা করে নেয়। তবে ভারতের কাছে হারের কারণে সেই ম্যাচের কোনো পয়েন্ট বহন করতে পারছে না বাংলাদেশ। নিউজিল্যান্ডের সঙ্গে ড্র হওয়া ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়েই সুপার সিক্স শুরু করছে তারা।
সুপার সিক্স পর্বে ‘বি’ গ্রুপের দলগুলো মুখোমুখি হচ্ছে ‘সি’ গ্রুপের সেরা তিন দলের। ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে এই পর্বে উঠেছে। নিয়ম অনুযায়ী, গ্রুপ ‘বি’-এর রানার্স-আপ বাংলাদেশ খেলবে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। ফলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে হবে না যুবা টাইগারদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একাদশে রয়েছেন—
জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী, রিজান হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ (উইকেটকিপার), সামিউন বাসির, শাহরিয়ার আহমেদ, স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।



