বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে দেশের বাজারেও। ফলে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনার দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২২ হাজার ৫১০ টাকা। এতে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা ১৫ মিনিট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
এর মধ্যেই সোমবার (২৬ জানুয়ারি) স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।
আজ আবার দাম বাড়ানোর ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
চলতি মাসে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১২ বার দাম বেড়েছে এবং মাত্র ৩ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে, গত বছর দেশে মোট ৯৩ বার স্বর্ণের দর পুনর্নির্ধারণ করা হয়, যেখানে ৬৪ বারই মূল্য বৃদ্ধি পায়। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার স্বর্ণের দাম কমানো হয়েছিল।


