৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ইরানের কড়া বার্তা

২৮ জানুয়ারি ২০২৬

ধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে পালটা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হলে তার প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং এতে কেউই লাভবান হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের ওপর চাপ ও হুমকি প্রয়োগ করলে তার পরিণতি হবে শুধু অরাজকতা। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে, কিন্তু কোনো সংকটের সমাধান আনবে না। তিনি আরও বলেন, অতীতেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ কোনো ফল বয়ে আনেনি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। পাশাপাশি ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে তার প্রভাব শুধু ইরানের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি স্থানে অশান্তি শুরু হলে তা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তাহলে সেটিকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬