৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, হাত-পা ভেঙে দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩১ জানুয়ারি ২০২৬

চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের যেখানেই শনাক্ত করা যাবে, সেখানেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টার জবাব দেওয়া হবে এবং সে ক্ষেত্রে কেউ নিরাপদে বাড়ি ফিরতে পারবে না।

শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, একটি মহল আগেভাগেই ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, যা তাদের বক্তব্য ও কার্যক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই শক্ত প্রতিরোধ গড়ে তোলার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। তার মতে, কিছু লোক আছে যারা দিনের শুরু থেকেই চাঁদাবাজির পরিকল্পনায় ব্যস্ত থাকে এবং এভাবেই দিনের শেষ করে। তবে সাধারণ মানুষ আর এ ধরনের ব্যক্তিদের ক্ষমতায় দেখতে চায় না। সে কারণেই আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকা থেকে সহিংসতা সৃষ্টির প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। তবে আইন নিজের হাতে না নিয়ে শান্তিপূর্ণ উপায়ে এবং জনগণকে সঙ্গে রেখেই সব ধরনের অপতৎপরতার মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

এ সময় তিনি খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬