আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিষয়টি নিয়ে দেশটির ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আইসিসি-সংক্রান্ত এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে জানা যাবে।
এরই মধ্যে ভারতে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পাকিস্তান যদি শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে খালি হওয়া আসন পূরণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে দ্রুত বিকল্প খুঁজতে হবে।
এই প্রেক্ষাপটে ব্যতিক্রমী এক প্রস্তাব সামনে এনেছে উগান্ডা ক্রিকেট। ‘বিশ্বকাপে জায়গা খালি’ থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে তারা আইসিসিকে উদ্দেশ্য করে এক রসাত্মক পোস্ট দেয়। সেখানে উগান্ডা জানায়, সুযোগ এলে তারা পুরোপুরি প্রস্তুত—ব্যাগ গুছানো, প্যাড পরা, এমনকি পাসপোর্টও তৈরি। গরম আবহাওয়া, চাপ বা দর্শকের শোরগোল—সবকিছুর জন্যই তারা মানসিকভাবে প্রস্তুত বলে পোস্টে ইঙ্গিত দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্তে আইসিসি ডাক দিলে বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করতেই এমন বার্তা দিয়েছে উগান্ডা।
মূলত আইসল্যান্ড ক্রিকেটের আগের একটি পোস্টের প্রেক্ষিতেই উগান্ডার এই ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া। আগে পাকিস্তান সরে দাঁড়ালে আইসল্যান্ডকে বিকল্প হিসেবে ভাবা হলেও পরে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এক বিবৃতিতে আইসল্যান্ড জানায়, তারা বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় হতাশ হলেও উগান্ডার জন্য সেটিকে অর্জন হিসেবে দেখছে এবং তাদের শুভকামনা জানাচ্ছে।
এদিকে বিশ্বকাপ ইস্যুর চূড়ান্ত সমাধান না হলেও প্রস্তুতি থামিয়ে রাখেনি পাকিস্তান। ইতোমধ্যে দল পাঠানোর সূচি নির্ধারণ করা হয়েছে। পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান দল আগামী ২ ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশে রওনা দেবে। সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।



