ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সক্রিয় অংশগ্রহণ ও ফলাফল গ্রহণে সংযত ভূমিকার জন্য মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান-কে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে আপনার নেতৃত্বে প্রার্থীদের ব্যাপক অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অবস্থান এবং ফলাফল ঘোষণার পর শান্ত ও মর্যাদাপূর্ণ প্রতিক্রিয়া প্রশংসার দাবিদার।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণা শুরু থেকে ফলাফল-পরবর্তী সময় পর্যন্ত দায়িত্বশীল বক্তব্য, রাজনৈতিক শিষ্টাচার ও সংযম দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে। বিশেষ করে কর্মীদের শান্তিপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করার বিষয়টি ইতিবাচক হিসেবে তুলে ধরেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় দলটির পক্ষ থেকে পাওয়া গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
বার্তায় তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।



