২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করছে বিএনপি: নাহিদ ইসলাম

২৮ মার্চ ২০২৬

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশ অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডাক বাংলোয় জাতীয় নাগরিক পার্টির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেই গণভোটে অংশ নিয়েছিল এবং দলীয় প্রধানও এর পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু এখন সরকারি দল হয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে সে গণভোটের আদেশ অস্বীকার করছে।

তিনি দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহবান জানান। তার মতে, তা না হলে জনগণের কাছে সরকারের অবস্থান অবিশ্বাস্য হয়ে উঠবে এবং রাজনৈতিক আস্থার সংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতি রাজপথে গড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সংবিধান ও স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকেই স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানসম্মত নয় বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, সংসদে গণভোটের রায় বাস্তবায়নের কথা থাকলেও সরকারি দল তা মানছে না এবং সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির আহবায়ক মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এছাড়া দলটির জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ