আন্তর্জাতিক তিনটি দরপত্রের মাধ্যমে ১৭ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করবে সরকার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। দেশে জ্বালানি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অপেক্ষা করছেন।
পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।
এ অবস্থায় চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জুম অ্যাপে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।



