৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের মধ্যে কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

৪ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল। এটি বাস্তবায়নের দায়িত্ব সংসদের ওপরই বর্তাবে। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, তার দিকনির্দেশনাও সনদের মধ্যেই রয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমেই তা কার্যকর করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।

জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনের আওতায় কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশ রক্ষায় খাল ও নদী খনন এবং দখলমুক্ত করা জরুরি। শক্তিশালী ব্যক্তি যেই হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন কার্যক্রম চালানো হবে।

তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ