জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করে। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
মনোনয়ন পেলেন যারা: বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
মনোনয়ন প্রক্রিয়া: দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়েছিল প্রায় ৯০০টি। গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার শেষে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
জাতীয় কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড প্রার্থীর রাজনৈতিক ত্যাগ ও দক্ষতা বিবেচনা করে এই তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।



