২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শক্তিশালী বিমানবাহিনী থাকলে হয়তো রোহিঙ্গা সংকট হতো না: সেনাপ্রধান

২৪ এপ্রিল ২০২৬

কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে বিমানবাহিনীর শক্তিশালী অবস্থান এবং পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি নাও হতে পারত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সামরিক সরঞ্জামের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান বলেন, “দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করিনি। যদি ওই অঞ্চলে আমাদের পর্যাপ্ত বিমানশক্তি থাকত, তবে হয়তো এই সংকট সৃষ্টিই হতো না। মনে রাখতে হবে, যুদ্ধ এড়ানোর জন্যও পর্যাপ্ত সামরিক প্রস্তুতি প্রয়োজন।”

দেশের জাতীয় নিরাপত্তা ও বাহিনীর সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামরিক বিষয়ে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নৌবাহিনীর সক্ষমতা প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমদানি-রপ্তানি ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে পর্যাপ্ত ওপিভি (OPV) না থাকায় ছোট করভেট দিয়ে সাগরে টহল দিতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়। সমুদ্রপথের সুরক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করা অপরিহার্য।”

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। দীর্ঘ সময় পার হলেও মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও অনিশ্চিত, যা স্থানীয় অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ

২৪ এপ্রিল ২০২৬
২৪ এপ্রিল ২০২৬