২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেপ্তার

২৭ এপ্রিল ২০২৬

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ঘটনার প্রেক্ষাপট: নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে যান। প্রশিক্ষণ শেষে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।

নিখোঁজ ও মরদেহ উদ্ধার: পরিবার সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে বুলেট বৈরাগী শেষবার ফোনে জানিয়েছিলেন যে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছেছেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুশীল বৈরাগীর ছেলে। তিনি সপরিবারে কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


সর্বশেষ