পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় হ’ত্যা করা হয়েছে। গত বুধবার রাতে মধ্যমগ্রামের হাসপাতাল থেকে শুভেন্দু অধিকারী এই দাবি করেন। তিনি জানান, চন্দ্রনাথকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখার পর এই আক্রমণ চালানো হয়েছে।
বুধবার রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গু’লি চালায় দু’র্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃ’ত্যু হয় এবং চালক বুদ্ধদেব বেড়া গু’লিবিদ্ধ হন। এই ঘটনার পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও তদন্তের স্বার্থে শুভেন্দু এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তার কথা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দু’র্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের জন্য আপাতত পুলিশের ওপর ভরসা রাখছেন বলেও জানান এই বিজেপি নেতা।
এদিকে এই হ’ত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি এই ঘটনার জন্য পরোক্ষভাবে তৃণমূলকে দায়ী করলেও শাসক দল এই হ’ত্যার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী তার দলের কর্মী-সমর্থকদের আইন হাতে না তুলে নিয়ে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিহ’ত ও আহতদের পরিবারের সমস্ত দায়িত্ব দল গ্রহণ করবে।



