সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলসহ বিভিন্ন অংশে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তীব্র ধূলিঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে নতুন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা এবং ওমরাহযাত্রী ও ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবল বাতাস ও ধূলিঝড়ের পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকায় ধূলিঝড়ের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।
পার্বত্য এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
এদিকে সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় সক্রিয় বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
জরুরি নির্দেশনা: তীব্র রোদ ও ধূলিঝড়ের হাত থেকে বাঁচতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মক্কা ও মদিনার বাসিন্দা এবং দর্শনার্থীদের সাবধানে চলাফেরা করার এবং আবহাওয়া বার্তার দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।



