দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে সারা দেশে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীতে শুরু হওয়া তুমুল বর্ষণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও শ্রমজীবী মানুষ। ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, দেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে।
চরম এই দুর্ভোগের মাঝে দেশবাসী জানতে চাচ্ছেন—কবে কমবে এই বৃষ্টি? অবশেষে এই বিষয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কবে কমবে বৃষ্টি?
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ রোববার দেশের আট বিভাগেই বৃষ্টির এই দাপট অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার (১৩ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
বিশেষ করে সোমবার থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। তবে আজ দিনভর ঢাকা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এই সময়ে ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে।



