বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দিচ্ছে চ্যাটজিপিটি

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট মেসেজ সীমাবদ্ধতা বা সীমা ছাড়াই আনলিমিটেড কেবল লেখাভিত্তিক (Text-based) কথোপকথন চালাতে পারবেন। তবে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা বহাল থাকবে।

বর্তমানে বিনামূল্যে ও ‘গো’ (Go) প্যাকেজ ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন ব্যবস্থায় সাধারণ লেখাভিত্তিক বার্তার ক্ষেত্রে এই সীমা তুলে নেওয়া হচ্ছে। তবে ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করা কিংবা অন্যান্য বিশেষ সুবিধার ক্ষেত্রে পূর্বের সীমাবদ্ধতা থাকবে।

যুক্ত হচ্ছে ‘থিংক’ বোতাম: আগামী সপ্তাহে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ (Think) নামে একটি নতুন বোতাম যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। যেকোনো জটিল প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে এই ফিচারটি ব্যবহার করা যাবে। এর ফলে চ্যাটজিপিটি উত্তর দেওয়ার আগে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করে তুলনামূলক বেশি যুক্তিনির্ভর উত্তর প্রদান করবে। এছাড়া চলতি সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির প্রধান এআই মডেল হিসেবে ‘জিপিটি-৫.৬ লুনা’ যুক্ত করা হচ্ছে।

প্লাস ও প্রো গ্রাহকদের জন্য নতুন উন্নয়ন: অন্যদিকে প্লাস ও প্রো গ্রাহকদের জন্য ‘জিপিটি-৫.৬ সল’ মডেলেও বড় ধরনের উন্নয়ন আনা হচ্ছে। ওপেনএআই জানিয়েছে, নতুন এই সংস্করণে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তারিখ, সংখ্যা, তথ্যসূত্র, নিয়ম এবং বিভিন্ন অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে ভুল অনেক কমে আসবে।

নতুন আপডেটে চ্যাটজিপিটির উত্তরগুলো আরও সরাসরি ও সংক্ষিপ্ত হবে এবং অপ্রয়োজনীয় তথ্যের আধিক্য কমানো হবে। এর পাশাপাশি প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন একটি কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটি ঠিক কতটা সময় যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, তা নিজেরাও নির্ধারণ করে দিতে পারবেন।

সর্বশেষ