আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

২৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, জলবায়ু পরিবর্তন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক এজেন্ডা অগ্রাধিকার পাবে। কূটনৈতিক সূত্রমতে, নির্ধারিত এই সফরে তিনি জাপান, তুরস্ক ও সৌদি আরব ভ্রমণ করবেন।

একই সঙ্গে ভারতের সাথে প্রধানমন্ত্রীর সফরের নতুন সময়সূচি নিয়েও আলোচনা চলছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে।

জাপান সফর: বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ৩ থেকে ৪ দিনের সফরে টোকিও যেতে পারেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ঢাকায় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। ২০২৩ ও ২০২৫ সালে দুই দেশের মধ্যে গৃহীত চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতায় এবার বিনিয়োগ সম্প্রসারণ, দুই দেশের ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন এবং বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে জাপানি সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রার অগ্রগতি পর্যালোচনাও স্থান পাবে এই সফরে।

তুরস্ক সফর: ‘কপ৩১’ শীর্ষ সম্মেলন

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩৩তম জলবায়ু সম্মেলন (কপ৩১) অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর বিশ্ব নেতাদের অংশগ্রহণে মূল শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই শীর্ষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ তহবিল কার্যকর করা ও অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি আরব সফর: দ্বিপক্ষীয় ও বহুমাত্রিক সম্পর্ক

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে রিয়াদ সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সময়ে ঐতিহ্যগত শ্রমবাজারের বাইরে গিয়ে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো খাতে বাংলাদেশে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। আসন্ন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করা, জ্বালানি আমদানি, বিনিয়োগ চুক্তি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সৌদি আরবের সমর্থন অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

টোকিও, রিয়াদ ও আঙ্কারার সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই তিন গুরুত্বপূর্ণ সফর সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে ইতোমধ্যে প্রস্তুতি মূলক যোগাযোগ জোরদার করা হয়েছে।

সর্বশেষ