যন্তর মন্তরে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) আজ শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিল্লির ১৫টি জেলা থেকে অপরাধমূলক রেকর্ড থাকা বেশ কিছু ব্যক্তি ও আন্দোলনকারীদের লোক জড়ো করতে প্ররোচিত করতে পারেন এমন ৩০ থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। তাঁদের বাসভবনের বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে।
কী কী খোলা থাকছে
- নয়াদিল্লি মেট্রো রেলস্টেশন ছাড়া সংশ্লিষ্ট অন্য মেট্রো স্টেশনগুলোয় যাত্রীদের এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধা এবং অন্যান্য মেট্রো পরিষেবা সচল থাকবে।
- ডিএমআরসির তালিকায় নেই, এমন স্টেশনগুলো থেকে যাত্রীরা বাস, ট্যাক্সি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন।
- আনন্দ বিহার থেকে উত্তর প্রদেশের মোদিপুরাম পর্যন্ত নমো ভারত ট্রেন পরিষেবা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
- লাইসেন্সধারী রেস্তোরাঁ, বার ও ক্লাবগুলোয় বরাবরের মতো মদ পরিবেশন করা যাবে।
যাত্রীদের বিকল্প ব্যবস্থা
- তালিকার বাইরে থাকা কাছের মেট্রো স্টেশন ব্যবহার করা যাবে।
- দিল্লির কেন্দ্রীয় অংশে যানজটের আশঙ্কা থাকায় যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইটের মাধ্যমে ফেরত নেওয়া যাবে।
- যাত্রীরা পুরোনো দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল বা দিল্লি সরাই রোহিল্লা স্টেশন থেকে ট্রেনে ওঠা কিংবা নামার সুযোগ পেতে পারেন।
দিল্লিতে আজ যা বন্ধ
- বিক্ষোভ কর্মসূচির কারণে আজ দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।
- যানজটের আশঙ্কায় ভোর ৪টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে এবং নির্দিষ্ট মেইল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
- ৯ ও ১০ অক্টোবর পুরো দিল্লির খুচরা মদের দোকানগুলো বন্ধ থাকবে।
- দিল্লির সরাই কালে খাঁ ও নিউ অশোক নগর নমো ভারত স্টেশন দুটি ৯ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত বন্ধ রয়েছে।



