বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত ছোট ভাইয়ের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত কোকোর স্ত্রী শামিলা রহমান এবং তাঁদের দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য নিকটাত্মীয়রা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকাসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ এবং পাড়ায় পাড়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।



