ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল আইসিসি। এই সময়ের মধ্যেই গুঞ্জন ওঠে—বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও শুরুতে স্কটিশ ক্রিকেট বোর্ড জানায়, বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবতায় রূপ নিল।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে বাদ দিয়ে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা শনিবার আনুষ্ঠানিকভাবে জানায় আইসিসি। প্রকাশিত সূচি অনুযায়ী, বিসিবি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।
আইসিসি জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলমান ২০ দলের এই টুর্নামেন্টে ভারতের ভেতরে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। সে কারণেই বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করা হয়।
বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ক্রিকেট স্কটল্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে—‘আমরা সব সময় প্রস্তুত।’ আরেকটি পোস্টে জানানো হয়, ‘যত দ্রুত সম্ভব ভারতে পৌঁছানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।’ মুহূর্তেই এই বার্তা ছড়িয়ে পড়ে ক্রিকেটভক্তদের মধ্যে।
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, “আইসিসির কাছ থেকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছি এবং তা গ্রহণ করেছি। এই সুযোগের জন্য আমরা কৃতজ্ঞ। স্কটল্যান্ডের ক্রিকেটারদের জন্য বিশ্বমঞ্চে, বিপুল দর্শকের সামনে প্রতিযোগিতা করার এটি একটি অসাধারণ সুযোগ। একইসঙ্গে আমরা জানি—এটি চ্যালেঞ্জিং হলেও বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।”
এর আগে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা করতে না পারায় স্কটল্যান্ডের সামনে বিকল্প সিরিজ খেলার পরিকল্পনা ছিল। সে প্রসঙ্গে লিন্ডব্লেড বলেন, “আমাদের দল কয়েক সপ্তাহ ধরেই আসন্ন সফরের প্রস্তুতি নিচ্ছিল। এখন আমরা ভারতীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ শুরু করেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভালো পারফরম্যান্স দিতে এবং টুর্নামেন্টে ইতিবাচক অবদান রাখতে প্রস্তুত।”
বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের গ্রুপ বিন্যাসেও পরিবর্তন এসেছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থানে জায়গা নিয়েছে স্কটল্যান্ড। তবে ম্যাচের দিন, তারিখ কিংবা ভেন্যুতে কোনো পরিবর্তন হয়নি—শুধু প্রতিপক্ষ বদলানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি খেলবে ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সঙ্গে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা।
আইসিসি ব্যাখ্যা দিয়েছে, মূল টুর্নামেন্টে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডই সবচেয়ে এগিয়ে। বর্তমানে তারা ১৪তম স্থানে রয়েছে, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়েও ভালো অবস্থান।
সব মিলিয়ে, বাংলাদেশের অনুপস্থিতিতে নতুন সুযোগ পাওয়া স্কটল্যান্ড এখন বিশ্বকাপ মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত।



