৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে, দেবেন না: বিএনপি প্রার্থী

২৭ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (আজ) দুপুরে রাজধানীর মিরপুরের বেনারসিপল্লি এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে প্রথম আলোকে এসব অভিযোগ করেন আমিনুল হক। উল্লেখ্য, ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবদুল বাতেন।

আমিনুল হক বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে সুবিধা নিতে অপপ্রচার ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তার অভিযোগ, এসব দল ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দেওয়ার অজুহাতে মোবাইল নম্বর সংগ্রহ করছে এবং একই সঙ্গে এনআইডি নম্বর নিচ্ছে, যা ভবিষ্যতে ভোট জালিয়াতির কাজে ব্যবহৃত হতে পারে।

তিনি আরও জানান, গত দুই দিনের মধ্যে পাওয়া তথ্য অনুযায়ী কিছু এলাকায় বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। বিকাশে টাকা পাঠানো সম্ভব না হলে কোথাও কোথাও হাতে হাতে ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে অনেক স্থানে স্থানীয় লোকজন প্রতিক্রিয়া দেখালে সংশ্লিষ্টরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে দাবি করেন আমিনুল হক।

এই অভিযোগগুলো রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, কেউ যদি তার নাম ব্যবহার করেও এনআইডি বা মোবাইল নম্বর চায়, তবুও যেন কেউ এসব তথ্য না দেয়। তার দাবি, জামায়াতে ইসলামী বিএনপির নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, জামায়াতের এই কৌশল জনগণ বুঝে ফেলায় এখন তারা বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ সময় আমিনুল হক আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় এবং দলমত নির্বিশেষে সবার আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। অতীতে দমন-পীড়নের রাজনীতির পরিবর্তে আগামী বাংলাদেশে ভালোবাসা ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে জনগণের দল হিসেবে বিএনপি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান এই প্রার্থী।

নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে আমিনুল হক ঢাকা উত্তর সিটির ৩ নম্বর ওয়ার্ডের মিরপুর-১০ এলাকার এ-ব্লক, শহীদ আবু তালেব স্কুল রোড, ৮ নম্বর রোড, ১৪ নম্বর লেন, ঝুটপট্টি ও বেনারসিপল্লি এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ডি-ব্লক এলাকায় তার প্রচারণা চালানোর কথা রয়েছে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬