টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, আন্তর্জাতিক এই বড় ক্রিকেট আসরে বাংলাদেশের অনুপস্থিতি শুধু খেলোয়াড়দের নয়, পুরো জাতির জন্যই অপমানজনক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরু হলে স্বাভাবিকভাবেই দেশের কোটি ক্রিকেটপ্রেমীর দৃষ্টি থাকে টিভি পর্দায়। মাঠে টাইগারদের লড়াই আর লাল-সবুজের উল্লাস দেখার অপেক্ষায় থাকার কথা ছিল সবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও পরিকল্পিতভাবে দেশকে বাইরে রাখা হয়েছে। তার ভাষায়, বিষয়টি শুধুমাত্র খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সরাসরি দেশের সম্মান ও মর্যাদার সঙ্গে জড়িত। এর মাধ্যমে গোটা জাতিকেই অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের ক্রিকেটারদের প্রতি সংহতি জানিয়ে জামায়াত আমির বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের পাশে আছি। দেশের সম্মান ও স্বপ্নের প্রশ্নে কোনো আপস হতে পারে না।”
পোস্টে আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির চাপের কাছে বাংলাদেশ মাথা নত করবে না। খেলাধুলার মতো আন্তর্জাতিক ক্ষেত্রেও যদি বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে তা জাতির আত্মসম্মানে আঘাত হানে।
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আবারও আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের জায়গায় ফিরে আসবে। তার ভাষায়, “বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে—গর্ব, শক্তি ও সম্মান নিয়ে। ইনশাআল্লাহ।”


