ওপার বাংলার আলোচিত তারকা দম্পতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে নীলাঞ্জনার একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, যা অনেকের কাছেই চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক রহস্যময় বার্তায় নীলাঞ্জনা লেখেন, কোনো কিছুর শেষ হওয়া মানেই যে তার গুরুত্ব কমে যাওয়া নয়। বরং কখনও কখনও এর অর্থ হয়—সেখান থেকে আর নতুন কিছু পাওয়ার নেই।
পোস্টে নিজের জীবনের একটি অধ্যায় শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আত্মসম্মান ও নিজেকে নতুনভাবে আবিষ্কারের প্রসঙ্গ টেনে নীলাঞ্জনা লেখেন, এই অভিজ্ঞতা তাকে স্বচ্ছতা ও সাহস দিয়েছে, যা সামনে এগিয়ে যেতে সহায়ক হবে। তিনি আরও বলেন, এই সমাপ্তিকে তিনি সম্মানের সঙ্গেই গ্রহণ করছেন।
এর আগেই টালিউড অঙ্গনে যীশু ও নীলাঞ্জনার আলাদা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের দাবি, যীশুর ব্যক্তিগত সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতা থেকেই তাদের প্রায় দুই দশকের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
বর্তমানে এই তারকা দম্পতি আলাদা বসবাস করছেন বলে জানা গেছে। তাদের দুই মেয়েও মায়ের সঙ্গেই রয়েছেন বলে খবর। তবে বিচ্ছেদ কিংবা আইনি পদক্ষেপ নিয়ে এখনো পর্যন্ত যীশু সেনগুপ্ত বা নীলাঞ্জনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।



