আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে ভোটাধিকারে হস্তক্ষেপ বলে আখ্যা দেন। ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন যে দেশের মানুষ রক্তের বিনিময়ে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের অধিকার অর্জন করেছে এবং তারা নির্ভয়ে ভোট দিয়ে গণতন্ত্রের উৎসব উদযাপন করতে চায়। ভোটাররা কেন্দ্রে ছবি তুলে বা নিজেদের পছন্দ প্রকাশ করে স্বাধীনতা উপভোগ করবে এটাই স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও হুঁশিয়ারি দেন যে কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় তবে তরুণ প্রজন্ম তা রক্ষায় প্রস্তুত আছে। প্রয়োজনে লড়াই করে ভোটের অধিকার রক্ষা করা হবে বলেও তিনি ইনশাআল্লাহ বলে তার পোস্টে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



