পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে এবং অতিথিদের রাজকীয় আপ্যায়নে এবার আপনার মেনুতে যোগ করতে পারেন সুস্বাদু ‘খাসির আখনি পোলাও’। সাধারণ পোলাও-মাংসের একঘেয়েমি কাটাতে ভিন্নধর্মী এই পদটি পরিবারের সবাইকে চমকে দেওয়ার জন্য চমৎকার একটি বিকল্প। সঠিক রেসিপি অনুসরণ করলে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এই জিভে জল আনা পদ।
প্রয়োজনীয় উপকরণ:
- মাংস রান্নার জন্য: ১.৫ কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও লবণ।
- আখনি পানির জন্য: ১.৫ লিটার পানি, হাড়ের টুকরো, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।
- পোলাওয়ের জন্য: ৫০০ গ্রাম বাসমতি বা পোলাও চাল, ঘি, মাওয়া, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা ও সেদ্ধ ডিম।
প্রস্তুত প্রণালী: ১. মাংস তৈরি: প্রথমে খাসির মাংস ধুয়ে টকদই ও বাটা মসলা দিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর সসপ্যানে তেল ও পেঁয়াজ কুচি ভেজে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে আলাদা পাত্রে তুলে রাখুন। ২. আখনি পানি প্রস্তুত: অন্য একটি পাত্রে পানির সঙ্গে হাড় ও আস্ত গরম মসলা দিয়ে জ্বাল দিন। পানি কমে ১ লিটার হলে ছেঁকে নিন। ৩. পোলাও ও দম: ধুয়ে রাখা চালের সঙ্গে ১ লিটার আখনি পানি ও গুঁড়া দুধ দিয়ে রান্না শুরু করুন। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম ও আলুবোখারা দিয়ে দমে রাখুন। ১০ মিনিট পর রান্না করা মাংস ও মাওয়া মিশিয়ে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আখনি পোলাও।



