১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈশাখী শোভাযাত্রা, গণতান্ত্রিক অগ্রযাত্রার শুভকামনায় বর্ণাঢ্য আয়োজন

১৪ এপ্রিল ২০২৬

ঐতিহ্য আর উৎসবের মেলবন্ধনে বাংলা নতুন বছরের প্রথম সকালে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো মানুষ এই আনন্দ মিছিলে শামিল হন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও শোভাযাত্রায় অংশ নেন। এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়ার মোটিফ। চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম শেখ জানান, ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে বাংলাদেশে যে নতুন গণতান্ত্রিক ভোরের উদয় হয়েছে, মোরগের প্রতীকের মাধ্যমে তাকেই শুভকামনা জানানো হয়েছে। যেমন মোরগ ভোরে ডাক দিয়ে সূর্যোদয়ের জানান দেয়, তেমনি এই আয়োজনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের পুনরুত্থানকে স্বাগত জানানো হয়েছে।

এবারের নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। শোভাযাত্রায় বাউলদের ওপর হামলার প্রতিবাদ এবং লোকজ সংস্কৃতিকে জাগিয়ে তুলতে দোতারার মোটিফ যুক্ত করা হয়েছে। এছাড়া শান্তির প্রতীক পায়রা, নারায়ণগঞ্জের কাঠের হাতি এবং কিশোরগঞ্জের টেপা আকৃতির ঘোড়ার প্রদর্শনী দেশীয় ঐতিহ্যের সমৃদ্ধি তুলে ধরে। পুলিশ, ডিবি, সোয়াট ও র‍্যাবের কড়া নিরাপত্তা বেষ্টনীতে শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে পুনরায় চারুকলায় এসে শেষ হয়। আদিবাসী সম্প্রদায়, কৃষক ও ঢোলবাদকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবের আমেজকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

সর্বশেষ