পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর স্ট্রং রুমে রাখা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপির আশঙ্কায় নিজেই পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কলকাতার ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে তিনি এই অবস্থান নেন। সিসিটিভি ফুটেজে স্ট্রং রুমের ভেতর কিছু লোককে কাজ করতে দেখার পর তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ তীব্রতর হয় এবং দলীয় নেত্রী নিজেই সেখানে উপস্থিত হন।
এদিকে বুথ ফেরত জরিপ বা এক্সিট পোলের ফলাফল নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। তার দাবি, মোটা অঙ্কের বিনিময়ে এসব ভিত্তিহীন জরিপ চালানো হয়েছে এবং রাজ্যের মানুষ তৃণমূলকেই পুনরায় নির্বাচিত করেছে। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মমতার এই অবস্থানকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য যে, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।



