২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ ও নিয়মাবলি ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে এবারও ১৫ বছরের কম বয়সীদের হজে যাওয়ার সুযোগ থাকছে না।
বুধবার (২২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
নিবন্ধনের প্রয়োজনীয় তথ্য ও তারিখ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের আগে থেকেই প্রাক-নিবন্ধন করা রয়েছে, তারা চাইলে ঘোষিত হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে সরাসরি চূড়ান্ত নিবন্ধনও সেরে নিতে পারবেন। অন্যথায়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।
যেভাবে করা যাবে নিবন্ধন
সরকারি ব্যবস্থাপনায় নিজে ‘ই-হজ’ (e-Hajj) ব্যবস্থা ব্যবহার করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং আশকোনার হজ কার্যালয় থেকে সরাসরি নিবন্ধন করা যাবে। এছাড়া সরকার অনুমোদিত যেকোনো হজ এজেন্সির মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকছে।
প্যাকেজের বিবরণ
এ বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে— ‘হজ প্যাকেজ-১’ এবং ‘সাশ্রয়ী হজ প্যাকেজ-২’। অপরদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো অতিরিক্ত তিনটি প্যাকেজ দিতে পারবে, যা সরাসরি হজ পোর্টালে দেখা যাবে।
স্বাস্থ্যগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি
- পাসপোর্ট ও বয়স: প্রাথমিক নিবন্ধনের জন্য বৈধ প্রাক-নিবন্ধন সনদের পাশাপাশি আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদী পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। বয়সের দিক থেকে ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরাই কেবল আবেদন করতে পারবেন।
- স্বাস্থ্য পরীক্ষা: হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির গুরুতর সমস্যা, স্নায়বিক বা মানসিক রোগ, ক্যানসার, যক্ষ্মা ও সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী ও ঝুঁকিপূর্ণ গর্ভবতীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে না।
- টিকা ও সনদ: নিবন্ধনের পর সরকারি হাসপাতাল বা নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ শেষে সিভিল সার্জনের কাছ থেকে শারীরিক সক্ষমতার সনদ নিতে হবে।
অর্থ জমাদান পদ্ধতি
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত হিসাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, প্রাথমিক নিবন্ধনের আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করা বাধ্যতামূলক। হজ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি ১৬১৩৬ নম্বরে কল করে যোগাযোগ করা যাবে।



