ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিরব হোসেন ওই পাম্পে বোতলে তেল নিতে গেলে কর্মচারীরা অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে অন্য একজনকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করায় কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারী নাসিম হোসেন, রমিজুল ও দাউদ হোসেনকে আটক করেছে র্যাব। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



