ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে বড় মূল্যে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের শেষ ধাপে তাকে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম থাকলেও ৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের এই ক্রিকেটারের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। মুস্তাফিজুর রহমান এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি আইপিএল থেকে বাদ পড়ার পর তাকে রেকর্ড মূল্যে দলে নেয় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরটি চলতি বছরের ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।



