বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান দলের নির্বাচনী প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। রোববার মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১১ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারায় শাহিন শাহ আফ্রিদির দল। এই পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় পিসিবি নির্বাচকদের ওপর ক্ষোভ উগরে দেন এই কিংবদন্তি ক্রিকেটার।
শহীদ আফ্রিদি বলেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের কাছে সিরিজ হার অত্যন্ত হতাশাজনক। নির্বাচক কমিটিতে অভিজ্ঞ ক্রিকেটাররা থাকা সত্ত্বেও অধিনায়ক নির্বাচন এবং দল গঠনের পরিকল্পনা নিয়ে তাদের ধারণা পরিষ্কার নয় বলে তিনি মন্তব্য করেন। বিশেষ করে অভিজ্ঞদের বাদ দিয়ে একঝাঁক অনভিষিক্ত তরুণকে দলে নেওয়ায় তিনি প্রশ্ন তোলেন। আফ্রিদি উল্লেখ করেন যে ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় তৈরি হওয়ার আগেই তাদের সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে যা দলের ভারসাম্য নষ্ট করছে। ওয়ানডেতে ভালো রেকর্ড থাকা সত্ত্বেও অনেক সিনিয়র খেলোয়াড়কে ‘সার্জারি’র দোহাই দিয়ে দূরে রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই সিরিজ হার পাকিস্তানের ক্রিকেটে নতুন করে সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।



