৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৬০ বছর বয়সে প্রেম আসবে ভাবিনি: আমির খান

১০ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেতা আমির খান। তাঁর নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ ইতিমধ্যে মুক্তি পেয়েছে। একই সঙ্গে ব্যক্তিজীবনেও এসেছে নতুন খবর—নতুন সঙ্গী গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, সংগ্রাম ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন আমির।

কেয়ামত সে কেয়ামত তক’–এর সাফল্যের পর দ্রুত জনপ্রিয়তা পেলেও শুরুতেই নানা ভুল সিদ্ধান্ত ও কাজের চাপ তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে। একসময় নিজেকে ‘ওয়ান-ফিল্ম ওয়ান্ডার’ ভেবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বলেন, প্রথম ছবির পর বহু প্রস্তাব এলেও যেসব পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, তাঁদের কাছ থেকে কাজ পাননি। পরে একসঙ্গে একাধিক ছবিতে সই করা ছিল তাঁর বড় ভুল—যা থেকে তিনি শিক্ষা নেন।

টানা ব্যর্থতার সময় প্রতিদিন বাড়ি ফিরে কাঁদতে হতো বলে জানান অভিনেতা। তবে ‘দিল’ ছবির পর থেকে পরিস্থিতির বদল ঘটে। নব্বইয়ের দশকে ‘রাজা হিন্দুস্তানি’, ‘সারফারোশ’সহ একাধিক হিট তাকে শীর্ষে তুলে আনে। পরবর্তী সময়ে ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘দঙ্গল’—সব মিলিয়ে অভিনয়ের নতুন উচ্চতায় পৌঁছান আমির খান।

ব্যক্তিজীবনের প্রসঙ্গে আমির বলেন, ৬০ বছর বয়সে তাঁর জীবনে নতুন সঙ্গী হয়েছেন গৌরী স্প্র্যাট। গত মার্চে জন্মদিনে তিনি গৌরীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁর ভাষায়, ‘ভাবিনি এই বয়সে আবার প্রেম আসবে। গৌরী আমাকে শান্তি দিয়েছে।’

দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক এখনো ভালো বলে জানান তিনি।

আগামী বছর ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে আমির খানকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬