২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

২৫ জানুয়ারি ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নানা নাটকীয় পরিস্থিতির মধ্যেই ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত–পাকিস্তান দ্বৈরথ। বাংলাদেশ বাদ পড়লে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান, যদিও এটিকে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কৌশল হিসেবেও দেখছেন অনেকেই। এরই মধ্যে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।

গ্রুপপর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ ‘বি’-এর শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, দুটি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ফলে সুপার সিক্স পর্বে আগামী ১ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়েতে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা তিনটি দল নিজেদের গ্রুপের অন্য সুপার সিক্স দলগুলোর বিপক্ষে অর্জিত পয়েন্ট সঙ্গে নিয়ে যায়। সেরা ছয় দলের এই পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং গ্রুপপর্বে ভিন্ন অবস্থানে থাকা দলের বিপক্ষে মাঠে নামবে।

এই কাঠামোয় গ্রুপ ‘এ’ ও ‘ডি’ এক সুপার সিক্স গ্রুপে এবং গ্রুপ ‘বি’ ও ‘সি’ অন্য সুপার সিক্স গ্রুপে ভাগ হয়েছে। উদাহরণ হিসেবে, গ্রুপ ‘এ’-এর শীর্ষ দল খেলবে গ্রুপ ‘ডি’-এর দ্বিতীয় ও তৃতীয় দলের বিপক্ষে, তবে ‘ডি’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে তাদের এই পর্বে দেখা হবে না।

গ্রুপপর্বে ভারত গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকে শেষ করলেও পাকিস্তান গ্রুপ ‘সি’-তে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নেয়। ওই গ্রুপে ইংল্যান্ড শীর্ষে ছিল। সুপার সিক্সে ভারতের অন্য প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে, যাদের বিপক্ষে তারা ২৭ জানুয়ারি বুলাওয়েতে খেলবে। একই দিনে হারারেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

এদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সুপার সিক্সে ২৬ জানুয়ারি ইংল্যান্ড এবং ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপপর্বে কোনো ম্যাচে জয় না পাওয়ায় ব্যাকফুটে রয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। একটি ম্যাচে হারার পর তাদের আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান সর্বশেষ গত বছরের ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় পায়। আরাফাত মিনহাসের দুর্দান্ত ১৭২ রানের ইনিংসে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ভারত মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায়, যেখানে মিডিয়াম পেসার আলি রাজা নেন ৪ উইকেট।

সর্বশেষ