দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, পাবনা জেলার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে দলের নীতি ও সিদ্ধান্ত লঙ্ঘনের বিষয়ে বিএনপি কোনো ধরনের ছাড় দেবে না এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



