৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

২৮ জানুয়ারি ২০২৬

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্ব শুরু করল দারুণ জয়ে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৯ রানের জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। তিনি ৪২ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ওপেনার জুরাইয়া ফেরদৌসও দারুণ ছন্দে ছিলেন। ৪৫ বলে ৫৬ রান করা তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

তবে বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দিলারা আক্তার কোনো রান না করেই আউট হন। এরপর ১২ রান করে ফেরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। এরপর জুরাইয়া ও মোস্তারির শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, যা দলকে বড় পুঁজি এনে দেয়।

থাইল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পুথাওং, যিনি ৩টি উইকেট শিকার করেন। অনিচা নেন ২টি এবং ফানিথা মায়া নেন ১টি উইকেট।

লক্ষ্য তাড়ায় থাইল্যান্ডের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার নাত্তাকান চান্তাম করেন সর্বোচ্চ ৪৬ রান। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই যোগ করেন ৩০ রান এবং নান্নাপাত কনচারোয়েনকাই করেন ২৯ রান।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন শিকার করেন ১টি উইকেট।

সুপার সিক্সে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি, শুরু সকাল ৯টা ১৫ মিনিটে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬