দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত বিগ বাজেট ছবি ‘বারাণসী’র মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন তিনি। তবে এই ছবিতে অভিনয়ের আগে পরিচালকের কাছে একটি বিশেষ শর্ত রেখেছিলেন ‘দেশি গার্ল’, যা পূরণ করতে গিয়ে বেশ চাপে পড়তে হয়েছে ছবির নায়ক মহেশ বাবুকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘ ছয় বছর ভারতীয় ছবিতে কাজ না করায় তিনি নাচকে খুব মিস করছিলেন। তাই রাজামৌলি যখন তাকে সিনেমাটির প্রস্তাব দেন, তখন তিনি অনুরোধ জানান যেন তার চরিত্রের জন্য একটি আলাদা নাচের দৃশ্য রাখা হয়।
প্রিয়াঙ্কার এই চাওয়ার কারণে খানিকটা বিপাকে পড়েন মহেশ বাবু। হাসতে হাসতে প্রিয়াঙ্কা বলেন, “আমার এই আবদারের জন্য মহেশকেও নাচতে হয়েছে। ও মজা করেই বলেছিল—তোমার জন্য এখন আমাকেও ডান্সার হতে হচ্ছে।”
নাচের সেই অভিজ্ঞতা নিয়ে মহেশ বাবুও কথা বলেন। তিনি জানান, গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং সেটি এতটাই মনকাড়া যে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। শুটিং চলাকালীন প্রিয়াঙ্কাকেও বারবার গানটি গুনগুন করতে দেখা গেছে।
এদিকে ছবিটিতে শুধু নাচ নয়, অ্যাকশনেও নতুন রূপে দেখা যাবে মহেশ বাবুকে। রাজামৌলির নির্দেশনায় নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে কেরলের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেতা। মহেশ জানান, শরীরকে আরও হালকা ও নমনীয় করতেই এই বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে।



