১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে পুলিশ সদস্যদের জন্য জরুরি ২২ নির্দেশনা

১১ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ২২ দফার এক জরুরি নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এই নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, কোনো সদস্য এই নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


প্রার্থীদের সঙ্গে মেলামেশা ও উপহারে নিষেধাজ্ঞা

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী, প্রার্থীর এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, অপ্রয়োজনীয় আলাপচারিতা বা ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নিরপেক্ষতা বজায় রাখা

  • প্রভাব বিস্তার: ভোটারকে কোনো নির্দিষ্ট প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করা যাবে না।
  • রাজনৈতিক কার্যক্রম: কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর মিছিলে অংশগ্রহণ বা তাদের কার্যালয়ে উপস্থিত থাকা যাবে না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো রাজনৈতিক পোস্ট, শেয়ার বা কমেন্ট করাও নিষিদ্ধ।
  • ব্যক্তিগত মত প্রকাশ: রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ নিয়ে কোনো বক্তব্য দেওয়া বা জনসমক্ষে তা প্রকাশ করা যাবে না।

ভোটকেন্দ্রে আচরণবিধি

  • প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া পুলিশ সদস্যরা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না।
  • ভোটার বা নির্বাচন কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পেশাদারিত্ব ও ব্যক্তিগত শৃঙ্খলা

  • মোবাইল ব্যবহার: দায়িত্ব পালনকালে অপ্রয়োজনে ফোন ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা যাবে না। ভোটগ্রহণের দিন ব্যক্তিগত আলাপচারিতায় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • খাদ্যাভ্যাস ও চলাফেরা: জনসমাগমস্থলে বা খোলা জায়গায় যত্রতত্র খাবার গ্রহণ করা যাবে না। বিশেষ করে ফুটপাত বা টং দোকানে বসা এবং বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপির মতো মুখরোচক খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • তথ্য গোপনীয়তা: নির্বাচন সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য বা ফলাফল নিয়ে আগাম কোনো পূর্বানুমান করা যাবে না। অনুমতি ছাড়া কোনো স্পর্শকাতর ঘটনার ছবি বা ভিডিও কাউকে পাঠানো যাবে না।

নির্বাচনি আইন ও বিধিমালার পরিপন্থি কোনো নির্দেশনা পালন না করতে এবং সবসময় পেশাদার আচরণ বজায় রাখতে কঠোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সর্বশেষ