বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর বিশাল সম্পত্তি নিয়ে শুরু হওয়া আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেয়েছে কারিশমার সন্তানেরা। সঞ্জয় কাপুরের প্রায় ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি এবং ব্যবসায়িক মালিকানা ঘিরে চলা বিরোধের প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট সঞ্জয় কাপুরের বিদেশের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে ‘নন-অপারেশনাল’ বা ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছে।
আদালতের এই নির্দেশের ফলে সঞ্জয় কাপুরের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সাচদেব ওই অ্যাকাউন্টগুলো থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। এছাড়া সম্পত্তি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সম্পদ বিক্রি বা হস্তান্তর করা যাবে না বলেও জানানো হয়েছে। এর আগে কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ান আদালতে অভিযোগ করেন যে, তাঁদের বাবার উইল জাল করা হয়েছে এবং সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা গোপন রাখা হয়েছে। যদিও বিবাহবিচ্ছেদের সময় খোরপোশ নেওয়ায় কারিশমার সরাসরি কোনো দাবি নেই, তবে আদালতের এই হস্তক্ষেপে সন্তানদের ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত হওয়ায় পরিবারে স্বস্তি ফিরেছে।



